গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় ছাগল চুরি ব্যর্থ জনতার হাতে গাড়িসহ দুই চোর আটক
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিনব কৌশলে ছাগল চুরির চেষ্টা ভেস্তে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় একটি প্রাইভেটকারে করে ছাগল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল দিকে কামদিয়া ইউনিয়নের চেয়ারগ্রাম সংলগ্ন দিঘীরহাট-ঘোড়াঘাট সড়কে এক কৃষকের ছাগল চুরির উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। বিষয়টি এক ব্যক্তি দেখতে পেয়ে দ্রুত দিঘীরহাট বাজারে অবস্থানরত পরিচিতদের মোবাইল ফোনে অবহিত করেন এবং সন্দেহভাজন গাড়িটি আটক করার অনুরোধ জানান।
খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে দিঘীরহাট বাজারের চারমাথা মোড়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে জনতা ঘিরে ধরে গাড়িটি আটক করতে সক্ষম হয়।
পরে গাড়ি থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানিয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে ছাগল ও গাড়িসহ হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মতে, জনসচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে একটি সংঘবদ্ধ চোরচক্রের পরিকল্পনা নস্যাৎ হয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































